প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের ২ বছর কারাদণ্ড

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের ২ বছর কারাদণ্ড

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৫:২০

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ আসামিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতে হাজির হননি হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ১৪ মার্চ এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।

২০২১ সালের ২ আগস্ট প্রতারণার মামলাটি করেন জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন।

২০২১ সালের ২১ নভেম্বর আদালতে হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম।

২০২২ সালের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading