আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ ইস্যু হয়েছে: আইজিপি

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ ইস্যু হয়েছে: আইজিপি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশ প্রধান বলেন, ‘আরাভ খানকে ফিরিয়ে এনে আইন আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকাকে। এ নিয়ে কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছে।

আরাভ জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। তবে এটা তার আসল নাম নয়। তিনি বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার রবিউল ইসলাম। এই আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল।

পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামির দোকান উদ্বোধন নিয়ে আলোচনায় আসেন আরাভ খান। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

আজ চট্টগ্রামে এক অনুষ্ঠানে আরাভ ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাভ খানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি-না সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানান আইজিপি।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এ সময় চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading