অফিসে মিথ্যে বলে ম্যাচ দেখতে গিয়ে চাকরি হারালেন তরুণী

অফিসে মিথ্যে বলে ম্যাচ দেখতে গিয়ে চাকরি হারালেন তরুণী

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৯:১৫

প্রিয় দলের খেলা দেখতে নানা ধরনের কাণ্ডই করে থাকেন খেলাপাগল মানুষ। অনেক ক্ষেত্রে বাড়তি ঝুঁকি নিয়ে দিতে হয় মাশুলও। সেই তালিকায় যুক্ত হলেন ২১ বছর বয়সী আর্জেন্টাইন তরুণী হুইলেন বারবিয়েরি। আর্জেন্টিনোর খেলা দেখার জন্য অফিসে মিথ্যা বলায় চাকরি হারাতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ দেখার জন্য অফিসে অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে ছুটি নিয়ে মনুমেন্তাল স্টেডিয়ামে গিয়েছিলেন হুইলেন বারবিয়েরি। ম্যাচে পানামার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয় ভালোই উপভোগ করেছেন তিনি। তবে তারপর মিথ্যা বলার খেসারত হিসেবে হারিয়েছেন চাকরি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন।

প্রতিবেদনে বলা হয়, সান্তা ফে শহরের পৌরসভার অন্তর্গত ইভা পেরন হেলথ সেন্টারে কাজ করতেন হুইলেন বারবিয়েরি। অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে ছুটি নিয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে উল্লাস প্রকাশ করার সময় সংবাদমাধ্যমে আবেগের আতিশয্যে সত্য কথাটা বলে।

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’র সঙ্গে কথা বলার সময় অসুস্থতার মিথ্যা অজুহাত দেখানোর কথা জানিয়ে দেন বারবিয়েরি। আর তাতেই চাকরি হারাতে হয় তাকে।

মনুমেন্তাল স্টেডিয়ামে টিওয়াইসি স্পোর্টস মুঠোফোনের অনুষ্ঠানে দেখা যায়। সংবাদমাধ্যমটি এ অনুষ্ঠানে নানা ভক্তের সঙ্গে কথা বলেছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচ দেখতে কে কী ফেলে এসেছেন? হুইলেন বারবিয়েরি কোনো রাখঢাক না রেখেই স্প্যানিশ ভাষায় বলেন, ‘লাবুরো।’ বাংলায় এর অর্থ হলো কাজ।

সঞ্চালক বেশ অবাক হলেও বারবিয়েরি পরিণাম না ভেবে বলে যান, ‘রোলিকে শুভেচ্ছা। তিনি আমার বস। হয়তো এখন আমাকে টিভিতে দেখছেন। একটি মেডিকেল সার্টিফিকেট তিনি পেয়েছেন। কিন্তু আমি ভালো আছি। ডায়রিয়া হয়েছিল কিন্তু নিশ্চিত থাকুন এটা ঠিক হয়ে যাবে।’

বারবিয়েরির বস রোলির পুরো নাম রোলি সান্তাক্রোচ্চে। তিনি সান্তা ফে শহরের মেয়র।

তিনি আরও বলেন, ‘জাদুবলে আমি বন্ধুদের নিয়ে মনুমেন্তালে উপস্থিত হতে পেরেছি। রোলি, শপথ করে বলছি, দ্বিগুণ কাজ করে দেব। শুধু আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া উপভোগ করতে দাও।’

সঞ্চালক জানতে চান, যদি চাকরি চলে যায় তাহলে? কথাটা পাত্তা না দিয়ে আর্জেন্টিনা দলের প্রেমে বুঁদ বারবিয়েরি বলেন, ‘সেটা কাল দেখা যাবে।’

ক্লারিন জানিয়েছে, বারবিয়েরির দুর্ভাগ্য পরের দিনই চাকরি থেকে ছাঁটাই হওয়ার চিঠি পেয়েছেন।

আর্জেন্টিনার রেডিও অনুষ্ঠান ‘তোদোস এন লা ওচো’য় হাজির হয়ে সেই নারীকে চাকরি থেকে ছাঁটাই করা নিয়ে কথা বলেছেন সান্তা ফে শহরের মেয়র রোলি সান্তাক্রোচ্চে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading