ডাব ‘চুরি করতে গিয়ে’ গাছের উপরেই অজ্ঞান!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১১:১৫
ফরিদপুরের মধুখালীতে ডাব চুরি করতে গিয়ে অজ্ঞান হয়ে নারকেলগাছেই আটকা পড়ে এক কিশোর। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। সাড়াশব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চার ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘রাত ১০টার দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। রাত দেড়টার দিকে ওই ছেলেকে উদ্ধার করা হয়।’
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কবির সর্দার বলেন, ‘রাত দেড়টার দিকে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর সে সুস্থ হয়ে যায়। বুধবার সকালে কিশোরকে ছেড়ে দেওয়া হয়।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওই ছেলে ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। ডাব চুরির উদ্দেশ্যে গাছে ওঠার পর আর নামতে পারেনি। ভয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে যায়।’
ইউডি/এ

