ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী না আসায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

এর আগে এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন।

২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। পরের বছর ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযোগপত্র দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যার কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরবর্তীতে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন। ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য থাকলেও গত ১ ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্যগ্রহণ হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করে। নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদ গোপনের তথ্য পায় দুদক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading