এক-এগারোর মতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : বিপ্লব বড়ুয়া

এক-এগারোর মতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : বিপ্লব বড়ুয়া

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসে একটি দৈনিক পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে বাংলাদেশ যুব মহিলা লীগের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণমাধ্যমকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। দেশে ৫০টিরও অধিক টিভি চ্যানেল ও কয়েক শতাধিক পত্রিকা প্রতিদিন প্রকাশিত হয়। এতে প্রমাণ হয় আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের একটি দৈনিক পত্রিকা স্বাধীনতা দিবসের দিনে একটি শিশুকে ১০ টাকার প্রলোভন দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। যা নিছক ভুল নয়, অপরাধও বটে। পাশের দেশের মতো যদি আমাদের দেশে একটি কমিশন বা প্রতিষ্ঠান থাকত, তাহলে প্রথম আলোর মতো একটি পত্রিকা প্রতিদিনই অপরাধী হতো।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন রয়েছে। কোনো কোনো মহল সে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে ঠিক ১/১১ এর মতো। যারা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জাতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চায়, তাদের সম্পাদক ও প্রকাশকদের বিচারের আওতায় আনার দাবি করছি। কারণ তারা দেশবিরোধী সংবাদ প্রকাশ করছে।’

মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আপনারা কি কোনো প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছেন? ঠিক যেমন বাসন্তী ১৯৭৪ সালে ষড়যন্ত্র করা হয়েছিল বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে। আপনাদের এই ঘটনার দায় নিতে হবে।’

প্রথম আলোর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, রেসিডেন্সিয়াল স্কুলে যে ছেলেটি মারা গেল তার ব্যাপারে আপনারা কী করলেন?’

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, ‘দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে আমরা বসে থাকব না। আমরা ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে ফেলব।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading