‘সবাই মিলে পুরো দেশটা ঘুরে দেখছি’, জাপান থেকে জয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৪৫
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে ছবি পোস্ট করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বিগত কয়েক দিন ধরেই সেখান থেকে ছবি ও রিল পোস্ট করছেন তিনি। কিন্তু জাপানে কেন গেছেন তিনি? ঘুরতে, শুটিং, নাকি অন্য কোনো কাজে?
এ নিয়ে ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন জয়া। জানিয়েছেন, কোনো কাজে নয়, ঘুরতেই গিয়েছেন তিনি।
জাপান থেকে এই অভিনেত্রী বলেন, ‘শুটিং নয়, ঘুরতেই এসেছি। পরিবারের সঙ্গে এসেছি। আগে কখনও জাপানে আসিনি। দীর্ঘদিন ধরেই এরকম একটা ভ্রমণের পরিকল্পনা ছিল। সবাই মিলে পুরো দেশটা ঘুরে দেখছি, খুব মজা করছি।’
এক দুদিন নয়, প্রায় ২০ দিনের শিডিউল। ইতোমধ্যেই জাপানের একাধিক জায়গায় ঘুরে ফেলেছেন। তিনি বলেন, ‘একদম টুরিস্টের মতো ঘুরে বেড়াচ্ছি। হোক্কাইডো, সাপোরো, টোকিও ঘুরে নিয়েছি। তারপর কিয়োটো এবং ওসাকা। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। খুব ভাল লাগছে।’
সম্প্রতি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিংহ’র শুটিং শেষ করেছেন জয়া। এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
ইউডি/এ

