চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০
শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জাতীয় নির্বাচনের আট মাস আগে হওয়া এই উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হয়ে চেয়ার প্রতীকে সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হয়ে মোমবাতি প্রতীকে সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির হয়ে আম প্রতীকে কামাল এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে নির্বাচনের মাঠে আছেন। বিএনপি এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি।
ভোটগ্রহণের শুরুতেই সকাল ৮টায় নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
ভোট দেওয়া শেষে নোমান আল মাহমুদ এই নির্বাচনে তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি জয়ী হবো, এটাই আমার প্রত্যাশা।’
নগরীর পাঁচলাইশ-চান্দগাঁও এলাকার সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন পুরুষ; দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী ভোটার। মোট ভোটারদের এক লাখ ৮৭ হাজার ৯০২ জনের বসবাস বোয়ালখালী অংশে; বাকি তিন লাখ ১৯ হাজার ৭৫০ জন নগরীর ভোটার।
শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
এই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ গত ৭ ফেব্রুয়ারি মারা গেলে শূন্য হয় আসনটি। অবশ্য মোছলেমও উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল এ আসনে নির্বাচিত হন।
২০১৯ সালের ৭ নভেম্বর তার মৃত্যুতে নতুন করে ভোটের প্রয়োজন হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান মোছলেম উদ্দিন আহমদ। এবার তার মৃত্যুতে নতুন করে ভোটের আয়োজন করতে হচ্ছে এই আসনে।
ইউডি/এ

