মায়ায় বাঁধলেন নুসরাত ফারিয়া
উত্তরদক্ষিণ । সোমবার, ০১ মে ২০২৩ । আপডেট ১০:০০
প্রকাশিত হয়েছে ‘আবার বিবাহ অভিযান’ ছবির নতুন গান ‘সবই মায়া’। গানের কথা লিখেছেন প্রসেন। জিৎ গাঙ্গুলীর সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন আদিত্য দেব। নতুন গানের ভিডিও দেখা যাচ্ছে, অঙ্কুশ হাজরার সঙ্গে নুসরাত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রিয়াঙ্কা সরকার এবং রুদ্রনীল ঘোষের সঙ্গে সোহিনী সরকারকে রোম্যান্স করতে।
গানটি থাইল্যান্ডের প্রেক্ষাপটে ঝকঝকে লোকেশনে শুট করা হয়েছে। ইতোমধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ রোববার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস থেকে গানটি শেয়ার করা হয়েছে।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা ছবিতে সংগীত পরিচালনা করলেন জিৎ গঙ্গোপাধ্যায়। জিতের কাছ থেকে তার ভক্তরা এমন ধরনের গানের জন্যই অপেক্ষা করে থাকেন। জিৎ ও ভক্তদের চাহিদা অনুযায়ী সুর সৃষ্টি করেন। মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে সমস্ত বড় প্ল্যাটফর্মেই।
সিনেমাটির হাত ধরেই চলতি বছরের সবচেয়ে বড় কমেডি ছবি আসতে চলেছে। এই ছবি তিন দম্পতির গল্প দেখাবে, যারা তাদের সহধর্মিণীদের থেকে কয়েক দিনের জন্য পালাতে চেয়েছেন। যেমন ভাবনা, তেমনই কাজ। সুতরাং তিন বন্ধু পরিকল্পনা করে শহর ছেড়ে পালিয়ে যায়। এরপর থাইল্যান্ডে প্রেক্ষাপটে তিনবন্ধু গণশা, রজত ও অনুপমের উত্তেজনা-রোমাঞ্চের হাস্যকর ঘটনা ফুটে উঠবে ছবিতে। আগামী ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘বিবাহ অভিযান’। এই ছবিতে অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও নুসরাত ফারিয়া। ছবিটি সাফল্য পাওয়ার কারণে পুরোনো জুটিদের নিয়ে, ২০২২-এ ফের সেই ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা। তবে এবারে ‘আবার বিবাহ অভিযান’ এর বিশেষ সংযোজন হলেন সৌরভ দাস। তবে এবার পরিচালনার দায়িত্ব বিরসা দাশগুপ্ত নয়, সৌমিক হালদার সামলেছেন।
ইউডি/কেএস

