জঙ্গি নিধনে কাশ্মিরে ‘অপারেশন ত্রিনেত্র’

জঙ্গি নিধনে কাশ্মিরে ‘অপারেশন ত্রিনেত্র’

উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ মে ২০২৩ । আপডেট ১৪:০০

ইন্ডিয়া অধিকৃত কাশ্মির উপত্যকায় বিগত বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি বেশ উত্তপ্ত। জঙ্গি হামলায় গত কয়েক সপ্তাহে সেখানে নিহত হয়েছেন বহু ইন্ডিয়ান সেনা। এরই মধ্যে জঙ্গিদের শেষ করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী এবং পুলিশ।

এই পরিস্থিতির মধ্যে শনিবার (০৬ মে) সকাল থেকেই কাশ্মিরের দুই জায়গায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই এনকাউন্টারে নিহত হয়েছেন দুই জঙ্গি।

নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও শনিবার জম্মু সফর করবেন বলে জানা গেছে।

এই সফরের আগে শনিবার সকালেই আকাশপথে কাশি পৌঁছান দেশটির নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

উপত্যকার রাজৌরিতে চলা সন্ত্রাসবিরোধী অভিযান ‘ত্রিনেত্র’-এর পর্যালোচনা করেন তিনি।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল ইন্ডিয়ান সেনার একটি ট্রাকে হামলা চালিয়ে পাঁচ জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা। এই জঙ্গিদের ধরতেই অপারেশন ত্রিনেত্র শুরু হয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোররাতে জঙ্গিদের ডেরার খোঁজ পায় সেনারা। শুরু হয় গোলাগুলি। এনকাউন্টারে নিহত হন এক জঙ্গি। সেনা সূত্রে জানা গেছে, এই এনকাউন্টারে আরও এক জঙ্গি মারা গেছেন।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাজৌরি সেক্টরের কান্দি এলাকায় অভিযানে নামে সেনাবাহিনী। জানা যায়, একটি গুহার মধ্যে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল।

সেই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে সেই জঙ্গিদের ধরতে মরিয়া চেষ্টা চালান তারা।

সেই সময়ই জঙ্গিদের আইইডি বিস্ফোরণে দুই সেনার মৃত্যু হয়।

গুরুতর জখম হন আরও তিনজন। আহতদের দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়। এরপর শনিবার ভোররাত ১টা ১৫ মিনিট নাগাদ ফের জঙ্গিদের খোঁজ পান সেনারা।

এদিকে, শনিবার সকাল থেকে রাজৌরির পাশাপাশি সেনা-জঙ্গি লড়াই শুরু হয় বারামুল্লাতেও। বারামুল্লা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ দল এলাকা ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে কুঞ্জের থানার অন্তর্গত করহামা গ্রামে।

অপারেশন চলাকালীন নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালানো হয় এবং এরপর জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করেন। তাতে লস্কর-ই-তৈয়বার এক জঙ্গি নিহত হন।

ইন্ডিয়ার দাবি, জি-২০ সম্মেলনের আগে কাশ্মিরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের মদতে।

এই আবহে শনিবার রাজনাথ ও সেনাপ্রধানের জম্মু সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading