সরকারও সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায়: ব্রিটেনে প্রধানমন্ত্রী

সরকারও সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায়: ব্রিটেনে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ মে ২০২৩ । আপডেট ১৩:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশের আগামী নির্বাচন ‘ব্রিটেনের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায়’ এবং সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বাসস জানায়, শনিবার (০৬ মে) স্থানীয় সময় লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বাংলাদেশ সরকারপ্রধান।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে আমি সবার সহযোগিতা চাই।’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ সরকার প্রয়োজনীয় সবকিছু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কেউ যাতে নির্বাচনে কারচুপি করতে না পারে, সেজন্য ছবিসহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হয়েছে।

‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির পাশাপাশি নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বাধীন ও শক্তিশালী করা হয়েছে। আমরা ওয়েস্টমিনস্টারের আদলে গণতন্ত্রে বিশ্বাসী, যার অনুসরণে বাংলাদেশ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু করেছে।’

ব্রিটিশ রাজার অভিষেক উপলক্ষে ব্রিটেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেন লন্ডনের ক্লারিজ হোটেলে। শনিবার সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করতে যান পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার স্ত্রী সুজানা স্পার্কস।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি জানান, ওই বৈঠকে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রসঙ্গ তোলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি।

জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার চায় সুষ্ঠু নির্বাচন হোক। তার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে।

সরকার ছবিসহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করলেও উল্টো বিএনপি ভোট কারচুপির জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করে ভোটার তালিকা তৈরি করেছিল বলে বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading