কেরালায় পর্যটন নৌকাডুবি: নিহত অন্তত ২০

কেরালায় পর্যটন নৌকাডুবি: নিহত অন্তত ২০

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ মে ২০২৩ । আপডেট ১২:০০

ইন্ডিয়ার কেরালা রাজ্যে একটি পর্যটন নৌকা (হাউসবোট) ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

রবিবার (০৭ মে) সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযান সমন্বয় করেন। ক্রীড়ামন্ত্রী এ সময় তিনি বলেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।

ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। মন্ত্রী আব্দুরহিমান এবং রিয়াস উদ্ধার অভিযান সমন্বয় করছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading