বেনাপোলে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোলে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ মে ২০২৩ । আপডেট ১৮:০০

ইন্ডিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেনাপোল বন্দরের বিপরীতে পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসছেন মঙ্গলবার (৯ মে)। সেখানে একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার (০৮ মে) ও মঙ্গলবার (০৯ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

ইন্ডিয়ার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য জানান, মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ইন্ডিয়ার কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ।

তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন। এতদিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। এই ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন তিনি। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানির জন্য একটি মাত্র গেট রয়েছে। ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন অমিত শাহ।

পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রফতানির পণ্য নিয়ে দীর্ঘ সময় ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন গেট তৈরি হলে আমদানি-রফতানিতে গতিশীলতা বাড়বে। কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সেখানে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টার দিকে তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading