মামলায় জিয়াউর রহমানের নাম সরকারের নির্দেশে: রিজভী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ মে ২০২৩ । আপডেট ১৮:৫০
পাঁচাত্তরে তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় ‘জনগণকে বিভ্রান্ত করতে সরকারের নির্দেশে’ ৪৮ বছর পর জিয়াউর রহমানকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা মোশাররফসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, মামলাটা প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? শেখ হাসিনা এবং তার সরকারের এখন ডুবু ডুবু অবস্থা। এই ডুবন্ত অবস্থা থেকে জনগণকে একটু যদি বিভ্রান্ত করা যায় সেজন্য । লাভ কি?
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদা মোশাররফ বীর উত্তম, কর্নেল নাজমুল হুদা বীর বিক্রম ও লেফটেন্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তমকে হত্যার ঘটনার প্রায় পাঁচ দশক পর রাজধানীর শেরে বাংলা নগর থানায় ওই মামলা হয় বৃহস্পতিবার। রুহুল কবির রিজভী বলেন, কর্নেল হুদা সাহেবের মেয়ে যে মামলাটি দিলেনৃ তার মা (নীলুফার হুদা) একটা বই (‘কর্নেল হুদা ও আমার যুদ্ধ’) লিখেছেন তার মায়ের লেখা বইটা তো মেয়ে পড়ে দেখেননি যে খালেদা মোশাররফ এবং কর্নেল হুদাকে সুরক্ষিত করার জন্য কর্নেল নওয়াজিশকে জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন। সেটা যে মেয়েটি গতকাল মামলা করেছেন শেখ হাসিনার নির্দেশে তারই মা কিন্তু এই বই লিখেছেন।
নীলুফার হুদার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কর্নেল হুদা ও আমার যুদ্ধ’ এর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আমরা ওই বইটা আপনাদেরকে পড়ে দেখতে বলব। এই ঘটনার সাথে কে জড়িত সেটাও স্পষ্ট করে লিখেছেন তার মা। কারণ যারা জড়িত তাদের সাথে এখন শেখ হাসিনার সখ্যতা। তাই তার নাম বলেননি। আর যাদেরকে সুরক্ষা দেয়ার জন্য জিয়াউর রহমান বলেছেন, সেই জিয়াউর রহমানের নামে মামলা দিচ্ছে ।
ইউডি/এজেএস

