একসঙ্গে অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম: পরী মণি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ১৪:৪০
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। গত মঙ্গলবার মধ্যরাতে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কিছু স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে পরোক্ষভাবে আঙুল তোলা হয় এই নায়িকার দিকে। এজন্য পরীও এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখেন।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। গতকাল বুধবার (৩১ মে) বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছেলে রাজ্যকে নিয়ে সিনেমাটি দেখতে যান এই অভিনেত্রী। সেখানেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।
বৃহস্পতিবার (০১ জুন) দিবাগত রাতে এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরে পরীমণি লেখেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেক বার।’
উচ্ছশৃঙ্খল অবস্থা তৈরি প্রসঙ্গে পরী আরও লিখছেন, ‘শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি সবসময় সুন্দর, শৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উচ্ছশৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেল। কত কাছের মানুষজনকে দাওয়াত করে তাদের সঙ্গে একটা হ্যালোও বলতে পারি নাই! অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।’
বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার অনুরোধ করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিল, আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’
সবশেষ পরীমণি লেখেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’
অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।
ইউডি/কেএস

