দেশে চাহিদার চেয়ে উদ্বৃত্ত আছে ২১ লাখ কোরবানিযোগ্য পশু
কিফায়েত সুস্মিত । বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ । আপডেট ১৩:০০
চলতি বছর কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩। যা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। এ বছর কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু-মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং ২ হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু। এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সে হিসাবে এ বছর ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু উদ্বৃত্ত রয়েছে। বুধবার (১৪ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে অন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
কোরবানির হাটে হয়রানি কমাবে টাকাবিহীন লেনদেনের ব্যবস্থা: মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বিগত বছর ছয়টি পশুর হাটে ৩৩ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। এ বছর ঢাকা ও চট্টগ্রামের পশুর হাটগুলোতে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোরবানির পশুর হাটগুলোতে কিউআর কোড, স্মার্ট অ্যাপ, এটিএম বুথ, পয়েন্ট অব সেলস মেশিন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা হবে। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সহায়তায় ২৬টি জেলায় ১০টি ব্যাংক ও ৩টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের মাধ্যমে ডিজিটাল লেনদেনের কার্যক্রম শুরু করেছে। মন্ত্রী বলেন, এ বছর স্বাস্থ্যসম্মতভাবে গবাদিপশু কোরবানির জন্য কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে ৩১ হাজার ৭৯৯ জন পেশাদার ও অপেশাদার কসাইকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিশৃঙ্খলা ঠেকাতে থাকবে মনিটরিং টিম গঠন ও কন্ট্রোল রুম: শ ম রেজাউল করিম বলেন, এ বছরও সড়কপথ, রেলপথ ও নৌপথে গবাদিপশু পরিবহনের সময় পশু ও পশু বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করাসহ কোরবানির পশুর ট্রাক ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দফতর যৌথভাবে কাজ করবে। এবারও কোনও খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোন খামারি তার পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার ইউনিট তথা পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন এ বিষয়টি নিশ্চিত করবে। হাটে আনার পথে কেউ প্রাণী বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল আদায় করতে পারবে না বলে জানান পশুসম্পদমন্ত্রী।
সুনির্দিষ্ট তথ্য ছাড়া থামানো যাবে না পশুবাহী গাড়ি: হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মো. শাহাবুদ্দিন খান বলেছেন, কোনও পশুবাহী গাড়ির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মহাসড়কে গাড়ি থামানো যাবে না। কেউ গাড়ি থামালে বরদাশত করা হবে না। পশুবাহী গাড়ির গন্তব্য কোথায় সেব্যাপারে প্রতিটি গাড়ির সামনে ব্যানার টানিয়ে চলাচলের পরামর্শ দেন তিনি। বুধবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দফতরে হাইওয়ে পুলিশের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। হাইওয়ে পুলিশ প্রধান বলেন, কোনও গরুর হাটের ভলান্টিয়ার জোর করে বা বাধা দিয়ে পশুবাহী গাড়ি কোনও হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুবাহী গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনও ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন ও পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের বলছি, চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।
স্টেরয়েডের অপপ্রয়োগ বন্ধের উদ্যোগ প্রাণিসম্পদ অধিদফতরের: গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানি সামনে রেখে কোনও প্রকার রাসায়নিক দ্রব্য, স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ছাড়া নিরাপদ পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম বাস্তবায়নে এ বছরও স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ ও প্রাণিসম্পদ অধিদফতর সমন্বিতভাবে কাজ করবে। প্রাণিসম্পদ অধিদফতর এ বছর ৭২ হাজার ৫৬৩ জন খামারিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ সময় পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ও হরমোনের ব্যবহার বন্ধে নিয়মিত সার্ভিল্যান্স ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বছর প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা সারা দেশে ৮৭ হাজার ৯৫টি খামার পরিদর্শন করে এসব খামারে স্টেরয়েড বা হরমোনের অপপ্রয়োগ বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। কোরবানির হাটে এ বছর কোনোভাবেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে গত বছরের মতো এবারও সারা দেশে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।
অনলাইন প্ল্যাটফর্মে গবাদিপশু কেনা-বেচায় বাধা নেই: মন্ত্রী আরও বলেন, গত তিন বছরের ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কের ওপরে বা যত্রতত্র কোরবানির পশু জবাই না করে যথাসম্ভব নির্ধারিত স্থানে কোরবানি করার জনসচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও অনলাইন প্ল্যাটফর্মে গবাদিপশু বিক্রয় কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে অনলাইনে প্রতারণা রোধে অনলাইনে আপলোড করা পশুর মালিকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পশুর বয়স, ওজন, মূল্য ও ছবি সংযোজন করতে হবে। মন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৩ উদযাপন উপলক্ষে সড়কের ওপরে যত্রতত্র কোরবানির পশু জবাই না করে যথাসম্ভব নির্ধারিত স্থানে কোরবানি করার জনসচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে।

