দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ জুন ২০২৩ । আপডেট ১৭:১৫

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উভয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে গণনা। তবে, যারা এখনো কেন্দ্রের ভেতরে আছেন তাদের ভোট নেওয়া হচ্ছে।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। তবে, কিছু কিছু কেন্দ্রের ভেতরে এখনো ভোটার আছেন। এ কারণে সেই সব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দ্রুতই এ রকম কেন্দ্রগুলোর ভোটগ্রহণ শেষ হয়ে যাবে।’

রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা ৩০ হাজার ১৫৭। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। হিজড়া ভোটার ৬ জন।

এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংস পরিস্থিতি ঘটেনি। এখন চলছে গণনা।’

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭২ জন, আর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৭ জন প্রার্থী।

সিলেট সিটির মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন ও হিজড়া ভোটার ৬ জন।

সিলেট সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ, মো. ছালাহ উদ্দিন, মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading