গরুর মাংসের রেজালা তৈরির রেসিপি

গরুর মাংসের রেজালা তৈরির রেসিপি

কিফায়েত সুস্মিত । শুক্রবার, ২৩ জুন ২০২৩ । আপডেট ১১:৩০

কোরবানির ঈদে মাংস দিয়ে তৈরি নানা পদ থাকে আমাদের আয়োজনের তালিকায়। উৎসবের আয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন গরুর মাংসের রেজালা। সঠিক রেসিপি জানা থাকলে আপনার রান্না খেয়ে প্রশংসা করবে সবাই। গরুর মাংসে কতটুকু ক্যালরি থাকে? ৮৫ গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খেলে তা দৈনিক ক্যালরির চাহিদার মাত্র ১০% পূরণ করে। ৮৫ গ্রাম মাংসে থাকে ২০০ ক্যালরি এবং একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ক্যালরি চাহিদা থাকে ২০০০ ক্যালরি। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের রেজালা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে: মাংস- ১ কেজি, টক দই- ১ কাপ, পেঁয়াজ কুচি- ২ কাপ, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, জয়ফল বাটা- আধা চা চামচ, জয়ত্রী বাটা- আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ, টমেটো কুচি- ১ কাপ, তেল- ১৫০ গ্রাম, এলাচ- ৮টি, দারুচিনি- ২ টুকরা, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, লবণ- পরিমাণ মতো, কাঁচা মরিচ- ১০টি, ঘি- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: টমেটো, কাঁচা মরিচ ও ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর একটি হাঁড়িতে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ৪৫ মিনিট ধরে রান্না করুন। মাঝে মাঝে ভালো করে নেড়ে দিন। মাংসের উপরে তেল ভেসে উঠলে টমেটো দিয়ে কষান আরও ৫ মিনিট। ২ কাপ গরম পানি মিশিয়ে ভালোভাবে রান্না করুন আরও ২০ থেকে ২৫ মিনিট। আবারও মাংসের উপরে তেল উঠে এলে কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন। এরপর হালকা আঁচে রাখুন আরও ১৫ থেকে ২০ মিনিট। নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

গরুর মাংসের পুষ্টি: শরীরের জন্য দরকারি ৯টি পুষ্টি মিলবে গরুর মাংস খেলে। সেসব পুষ্টি উপাদান হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি১২, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, আয়রন এবং রিবোফ্লেভিন। আমাদের শরীরের পেশি গঠনে ভূমিকা রাখে প্রোটিন, জিঙ্ক বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে ফসফরাস, আয়রনের কাজ হলো শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সাহায্য করা, খাদ্য থেকে শক্তি যোগান দিতে কাজ করে ভিটামিন বি১২।

চর্বি ছাড়া মাংস: গরুর মাংস মানেই যে সবটা চর্বি, এমনটা নয়। গরুর শরীরের ২টি অংশে চর্বি ছাড়া মাংস পাওয়া যায়। এসব অংশে চর্বির পরিমাণ চামড়া ছড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম থাকে। গরুর round এবং loin/sirloin অঞ্চলে এই মাংস থাকে। এসব অংশে চর্বির পরিমাণ ৪.২-৮.২ গ্রাম থাকে, যেখানে মুরগির থানের মাংসে চর্বির পরিমাণ থাকে ৯.২ গ্রাম। মাংস থেকে দৃশ্যমান সব চর্বি বাদ দিয়ে তবেই রান্না করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading