রান্না করে ফেলুন গরুর মাংসের ভিন্ন ধরনের কয়েকটি পদ
কিফায়েত সুস্মিত । শনিবার, ০৮ জুলাই ২০২৩ । আপডেট ১১:৪৫
রুটি বা পরোটা দিয়ে অনেকেই খেতে ভালোবাসেন। এমনকী পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গেও খাওয়া যায়। বলছি ছোলার ডাল দিয়ে গরুর মাংসের কথা। বাড়িতে মাংস আর ছোলার ডাল থাকলে খুব সহজেই রান্না করতে পারেন এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক ছোলার ডাল দিয়ে গরুর মাংস গরুর মাংসের রেসিপি–
তৈরি করতে যা লাগবে: গরুর মাংস – আধা কেজি, ছোলার ডাল – ১/২ কাপ, পেঁয়াজ- ২টি, মরিচের গুঁড়া- ১ চা চামচ, হলুদের গুঁড়া- আধা চা চামচ, জিরা গুঁড়া-১ চা চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, তেল- পরিমাণমতো, লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন: মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। ডাল, পেঁয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। প্রেসার কুকারে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে মাংসের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। ডাল ধুয়ে মাংসের ভেতর দিয়ে মিনিট খানেক নেড়ে দিন। এরপর ২ কাপ গরম পানি দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার প্রেসার কুকারের মুখ ঢেকে দিয়ে ৩/৪ টি হুইসেল দেওয়া পর্যন্ত বা ১৫ মিনিট অপেক্ষা করুন। চুলা থেকে প্রেসার কুকার নামিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংস পরিবেশন পাত্রে ঢেলে নিন।
বাসায় তৈরি করুন ভর্তা: কোরবানির ঈদের পরে মাংসের বিভিন্ন পদ খেয়ে অনেকের ইচ্ছা হয় ভর্তা দিয়ে ভাত খেতে। কেমন হয় যদি সেই ভর্তা তৈরি হয় মাংস দিয়েই? গরম ভাতের সঙ্গে গরুর মাংসের ভর্তা হলে খেতে বেশ লাগে। যারা গরুর মাংসের এই পদ তৈরির রেসিপি এখনও জানেন না তারা শিখে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
যেভাবে তৈরি করবেন: রান্না করা মাংস- আধা কেজি, কাঁচা মরিচ- ৫-৬টি, পেঁয়াজ- ২টি, পুদিনাপাতা কুচি- স্বাদমতো, টমেটো কুচি- আধা কাপ, সরিষার তেল- পরিমাণমতো।
মাংস কয়েকবার জ্বাল দিলে অনেকটা নরম হয়ে ঝুরঝুরে হয়ে আসে। সেখান থেকে আধা কেজি মাংস তুলে টুকরা করে ছিঁড়ে নিন। সব উপাদান একসঙ্গে ভালো করে মেখে চুলায় পাঁচ মিনিটের মতো ভেজে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের ভর্তা।
মাংসের বড়ার রেসিপি: মাংস দিয়ে তো কত কী খাবার তৈরি করে খাওয়া হয়, বড়া কখনো খেয়েছেন? সাধারণত বড়ার নাম শুনলে ডালের কথাই সবার আগে মনে আসে। তবে গরুর মাংস দিয়েও সুস্বাদু বড়া তৈরি করা যায়। আর সেজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা অল্পকিছু উপকরণে খুব সহজেই তৈরি করতে পারবেন গরুর মাংসের সুস্বাদু বড়া। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে: হাড় ছাড়া মাংস- বড় ১ বাটি, ডিম- ২টি, বেসন- ৩ টেবিল চামচ, জিরা গুঁড়া- আধা চা চামচ, লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, মাংসের সঙ্গে যেন কোনো হাড় না থাকে। এরপর সেই হাড় ছাড়া মাংস ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর একটি পাত্রে ব্লেন্ড করা মাংস নিন। এবার তার সঙ্গে অন্য সব মসলা ও উপকরণ একে একে মেশান। সবকিছু ভালোভাবে মেশানো হলে চুলায় তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে মাংসের মিশ্রণ থেকে বড়ার আকৃতি দিয়ে ভেজে তুলুন। এবার গরম গরম পরিবেশন করুন।
বিফ দোপেঁয়াজা: বিভিন্ন রকম মাছের দোপেঁয়াজা খাওয়া হয়েছে নিশ্চয়ই? গরুর মাংসের দোপেঁয়াজা কখনো খেয়েছেন কি? গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ সুস্বাদু এই পদ। উৎসবের আয়োজনেও রাখতে পারেন বিফ দোপেঁয়াজা। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে: গরুর গোশত- ১ কেজি, পেঁয়াজ মোটা মোটা কাটা- ২৫০ গ্রাম, কাঁচা মরিচ বড় টুকরা- ১০/১২টি, আদা বাটা- ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, এলাচ- ২ টুকরা, দারুচিনি- ২ টুকরা, তেজপাতা- ২টি, লবঙ্গ- ৪টি, গোল মরিচ- ৫/৭টি, ভিনেগার- ৩ টেবিল চামচ, তেল- আধা কাপ, লবণ- পরিমাণতো, টেস্টিং সল্ট- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন: মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। এরপর তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ ও সামান্য তেল মেখে ঘণ্টাখানেক রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে মাংস দিয়ে দিন। মৃদু আঁচে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজটা নরম হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।

