পাঁচ বছর পর জয়া

পাঁচ বছর পর জয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ জুলাই ২০২৩ । আপডেট ১৬:২০

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলা থেকে ওপার বাংলার সিনেমায়ই তাকে এখন বেশি নিয়মিত দেখা যায়। কলকাতায় নতুন আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘দশম অবতার’। এটি পরিচালনা করবেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এই সিনেমাটি হতে যাচ্ছে সৃজিত-জয়া জুটির তৃতীয় সিনেমা। এর আগে নির্মাতার ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া।

ইতোমধ্যেই জয়া আহসানের সঙ্গে সব ধরনের কথাবার্তা সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন সৃজিত। তিনি বলেন, ‘এই সিনেমার কাজ নিয়ে অনেক দিন ধরেই কথা চলছিল। এরপর জয়াকে প্রস্তাব করা হলে তিনি কাজটি করতে সম্মতি জানান। তার হাতে পর্যাপ্ত সময় থাকায় তিনি গল্পটির ভেতরে ঢোকার সুযোগ পাবেন বলে আমরা মনে করি। এ ছাড়া অভিনয় দক্ষতা, শেষ বছরের পারফরম্যান্স, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’ অথবা ‘অর্ধাঙ্গিনী’তে তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। রাজকাহিনী হোক বা এক যে ছিল রাজাÑ আমার সঙ্গে দুটি সিনেমাতেই জয়া মুগ্ধতা ছড়িয়েছেন। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’

সৃজিতের এ সিনেমায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। এ প্রসঙ্গে সৃজিত বলেন, ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’য় অপূর্ব অভিনয় করেছে শুভশ্রী। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম। শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ায় জয়াকে বেছে নেওয়া।

জয়া সর্বশেষ অভিনয় করেছেন অর্ধাঙ্গিনী সিনেমায়। কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি গত ২ জুন ভারতে মুক্তি পায়। এরই মধ্যে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে।

জয়া আহসান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত প্রমুখ। এ বছরের শেষের দিকে সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading