ব্রিকস জোটের পরিধি বাড়ানোর আহ্বান শি জিনপিং’র
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ আগস্ট ২০২৩ । আপডেট ১৮:৩০
চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে আরও ন্যায়সঙ্গত ও পক্ষপাতশূন্য আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্প্রসারণের আহ্বানও জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে জিনপিংয়ের পক্ষে দেওয়া বক্তব্যে একথা বলা হয়। বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এদিন শীর্ষ সম্মেলনের শুরুতে এক বিজনেস ফোরামে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্ধৃত করে তিনি বলেন, বড় শক্তির প্রতিযোগিতায় জড়ানো বা ‘গোষ্ঠী দ্বদ্বন্দ সৃষ্টি করার কোনও ইচ্ছাই চীনের নেই। চীন দৃঢ়ভাবে ইতিহাসের সঠিক দিকেই দাঁড়িয়ে আছে এবং সবার মঙ্গলের জন্য ন্যায়সঙ্গত পথ অনুসরণ করা উচিত বলে (চীন) বিশ্বাস করে।’
শি বলেন, যে কোনও বাধাই আসুক না কেন ব্রিকসের পরিধি বাড়তে থাকবে। তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমাদের সময়ে বিশ্বে পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনও হয়নি, যা মানব সমাজকে একটি জটিল সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে।আল জাজিরা বলছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে কেন অংশগ্রহণ করেননি তা স্পষ্ট নয়।
এর আগে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে দেখা করেন শি জিনপিং। সেখানে চীনা এই প্রেসিডেন্ট তাকে বলেন, তাদের দেশগুলো ‘নতুন এক ঐতিহাসিক সূচনা পয়েন্টে’ দাঁড়িয়ে আছে।
ইউডি/এজেএস

