দ্বাদশ সংসদ নির্বাচন: রাজধানীতে শীতের সকালে ভোটার কম
উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৮:৪০
দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর মধ্যদিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে শীতের সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে।
রবিবার সকালে ঢাকা-৫ আসনের কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কুতুবখালী মহিলা মাদ্রাসা কেন্দ্র ও দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাইস্কুল কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে। কুতুবখালী মহিলা মাদ্রাসা কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৯২১ জন। সকাল ৮ টা ১০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে কোনো ভোটার ভোট প্রদান করেননি। ভোটারদের সারিও লক্ষ্য করা যায়নি।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বুলবুল আহমেদ বলেন, শীতের কারণে সকালে ভোটাররা আসেননি। বেলা বাড়লে ভোটাররা আসবেন। কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৯২৩ জন। সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। তবে কয়েকজন ভোটারকে ভোট দিতে দেখা গেছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আজিজুল হক বলেন, কেন্দ্রের পরিবেশ ভালো। ভোটাররা আসতে শুরু করেছেন। এ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটার আশরাফ আলী বলেন, এখনও ভোট দেইনি। আগে পরিস্থিতি দেখি তারপর সময় বুঝে ভোট দেব।
ইউডি/সিফাত

