হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি, বাইডেনের বাসভবনে বিপদঘণ্টা!

হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি, বাইডেনের বাসভবনে বিপদঘণ্টা!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:০০

মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের বাসভবনে বিপদঘণ্টা! স্থানীয় সময় সোমবার (০৮ জানুয়ারি) হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে সেটি। কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। অভিযুক্ত চালককে হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, স্থানীয় সময় মোতাবেক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ। হঠাৎই হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি। এ বিষয়ে সিক্রেট সার্ভিসের প্রধান জনসংযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, “আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কি কারণে গেটে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।” জানা গিয়েছে ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন। হোয়াইট হাউসের এই ঘটনার জেরে ১৫ স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, এটাই প্রথমবার নয়। গত বছরের মে মাসে হোয়াইট হাউসের সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি ট্রাক। দ্রুত ওই ট্রাকচালককে আটক করে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলোর অন্যতম হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত লৌহবর্মে ঢাকা। সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে সেখানে মাছিও ঢুকতে পারে না। ফলে ফের এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে সেখানকার নিরাপত্তা নিয়ে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading