উত্তরা-মতিঝিল রুট: মেট্রোরেল চলার সময়সীমা বাড়ল
উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:০০
আজ শনিবার থেকে মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল করবে মোট সাড়ে ১৩ ঘণ্টা। মতিঝিল থেকে উত্তরায় যেতে এখন রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন পাবেন যাত্রীরা। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে প্রথম ট্রেন। আগে এই রুটে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সময় বাড়ানোর সিদ্ধান্ত জানান।
উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচলের সময় বাড়লেও সব সময় টিকেট পাওয়া যাবে না। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটের ট্রেনে এবং মতিঝিল থেকে রাত ৮টার পরের ট্রেনের টিকিট বন্ধ থাকবে। তখন শুধু এমআরটি বা র্যাপিড পাসের যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পিক আওয়ারে আটটি এবং অফ পিক আওয়ারে ছয়টি ট্রেন দিয়ে তারা যাত্রীসেবা দেবেন। একটি করে ট্রেন স্ট্যান্ডবাই থাকবে। পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন মিলবে এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে।
পিক আওয়ার, অর্থাৎ সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে ট্রেন। আর অফ পিক আওয়ারে, অর্থাৎ বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট পর পর ট্রেন চলবে।
সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি সব স্টেশনে থামবে। এই ট্রেন দুটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। আর সকাল সাড়ে ৭টায় মেট্রো মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত বিরতিতে মেট্রো ট্রেন চলাচল করবে।
আবার রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত সাড়ে ৮টা এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রো রেলস্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন পর্যন্ত চলবে।
ইউডি/এজেএস

