গাজায় আশ্রয়কেন্দ্রে হামলার বিষয়ে জাতিসংঘের অভিযোগ অস্বীকার ইসরায়েলের

গাজায় আশ্রয়কেন্দ্রে হামলার বিষয়ে জাতিসংঘের অভিযোগ অস্বীকার ইসরায়েলের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:১৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, এই হামলা সশস্ত্র গোষ্ঠী হামাস করে থাকতে পারে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাতিসংঘ বুধবার বলেছিল, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্ক ব্যবহার করে হামলা করা হয়েছে। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তারা বলেছিল, সেখানে হামাস গোলাবর্ষণ শুরু করেছে।

জাতিসংঘ বলেছে, দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। সেখানে ৩০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

এই হামলার ঘটনায় সরাসরি নিন্দা জানিয়েছে আমেরিকা। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে আজকের হামলার ঘটনার নিন্দা জানাই আমরা।

ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জেমস ম্যাকগোল্ড্রিক বলেছেন, সেখানে গণহত্যার ঘটনা ঘটেছে। কিছু ভবনে আগুন লেগে প্রাণহানিও হয়েছে। ঘটনাস্থল থেকে অনেকেই পালানোর চেষ্টা করলেও শেষে ব্যর্থ হন তারা।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর গাজা বিষয়ক পরিচালক থমাস হোয়াইট বলেছেন, কেন্দ্রীয় একটি ভবনের চারপাশে দুটি ট্যাঙ্ক আঘাত হানে। এসময় ভবনটিতে প্রায় ৮০০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছিল। এ হামলায় কমপক্ষে নয় জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, মৃতের এ সংখ্যা আরও বেশি হতে পারে।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading