সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ: শিরোপা ধরে রাখতে চায় বাংলাদেশ
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫
নতুন বছরে বাংলাদেশের ফুটবলে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) বাফুফে ভবনে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসমিটে অধিনায়ক ও কোচ উভয়ই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। স্বাগতিক বাংলাদেশ-এবারও একই ফলাফলের প্রত্যাশায়।
জাতীয় নারী ফুটবল দল নিয়ে গত কয়েক মাস কাজ করছেন সাইফুল বারী টিটু। সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলেও কাজ করা টিটু বলেন, আমাদের দল অনুশীলনের মধ্যে রয়েছে। সপ্তাহে একটি নিজেদের মধ্যে ম্যাচ হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা শিরোপা ধারা অব্যাহত রাখতে আশাবাদী। দলের অধিনায়ক আফিদা খন্দকার ফাইনালে খেলতে প্রথম ম্যাচটিকে টার্গেট করছেন। তিনি বলেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতে আমরা ফাইনালের পথে থাকতে চাই। আগামী ২ ফেব্রুয়ারি কমলাপুর স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি হবে সন্ধ্যা সাতটায়। অধিনায়ক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সমর্থন দেবেন। যাতে আমরা আপনাদেরকে খুশি করতে পারি।
টুর্নামেন্টে মাত্র চার দল অংশগ্রহণ করছে। প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচের পর শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। মাত্র চার দল অংশগ্রহণ করলেও টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন কোচ টিটু। তিনি বলেন, নেপাল ও ইন্ডিয়া এখানে অংশগ্রহণ করছে ফলে অবশ্যই এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাত্র তিনটি ম্যাচ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরো বেশি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে। আর সবশেষ ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি,যেখানে প্রতিপক্ষ ভূটান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।
ইউডি/এজেএস

