গার্ড অব অনার পেলেন মাশরাফি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:২০
দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফি বিন মুর্তজা।
মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশে নড়াইল ত্যাগ করেন।
নড়াইল জেলা প্রশাসন প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ জেলা নড়াইলে এটিই তার প্রথম আগমন।
ইডিডি/এআর

