রুশ দূতের বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত: রিজভী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩০
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার মনতিৎস্কির বক্তব্যকে ‘অনাকাঙ্খিত’ বলছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, রুশ দূতের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভ‚তিতে আঘাত করেছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দলীয় প্যাডে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভ‚মিকা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর-মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে।
তিনি বলেন, আমরা বলতে চাই, রাষ্ট্রদূত এই অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভ‚তিতে আঘাত করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরের সকল বাংলাদেশি নাগরিক আজ, নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে, নিজ দেশে পরাধীন। গত ১৫ বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি-দুঃশাসন ও দমন-দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়ণের শিকার হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্বের আকাঙ্খা অভিন্ন ও এক সূত্রে গাঁথা। সেই অভিন্ন লক্ষ্য হলৃ একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকারের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও সমৃদ্ধি নিশ্চিত করা। দেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা, সুতীব্র এই গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া, ভারত, চীন, বা অন্য কোনো রাষ্ট্র, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণবিরোধী অপশাসনকে অযাচিত সমর্থন করবে না।
বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনেই দীর্ঘমেয়াদি কূটনৈতিক সাফল্য নিহিত।
ইউডি/এজেএস

