বাণিজ্য মেলা : ভোক্তা অধিকারের কঠোর নজরদারি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৪৫
জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত ২১ জানুয়ারি দেশের বৃহৎ এ মেলার পর্দা ওঠার পর ক্রমে বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোক্তাদের থেকে অতিরিক্ত অর্থ অদায়ের অভিযোগ কিছুটা কম হলেও মেলা জুড়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিকার।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন স্টল ও ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্র ঘুরে এ তথ্য জানা গেছে। মেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ গণমাধ্যমকে বলেন, ভোক্তারা অভিযোগ করলেই আমাদের টিম রেসপন্স (পদক্ষেপ) করছে। অনেক সময় টিম এভেইলেবল না থাকলে আমরা পরবর্তী শিডিউলে অভিযোগগুলো আমলে নিচ্ছি। গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দুজন ভোক্তা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা সে প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছি। তিনি বলেন, ভোক্তারা সচেতন হয়ে অভিযোগ করলেই প্রতিকার পাবেন। অতিরিক্ত দাম নিলে অবশ্যই ক্যাশ মেমো সঙ্গে নেবেন।
এদিকে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নিম্ন মানের পণ্য সরবরাহ, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি, ক্রেতা হয়রানি, অনুমতি ও আমদানিকারক এর তথ্য না থাকা বিদেশি পণ্য বিক্রির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে।
ইউডি/এজেএস

