হংকংয়ে খেলবেন তো মেসি?
উত্তরদক্ষিণ । রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০১:০০
সৌদি আরবে হতাশার প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করেছে ইন্টার মিয়ামি। আল হিলালের কাছে হারের পর আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মেজর সকার লিগের দলটি। সৌদি আরবের পর এবার হংকংয়ে পা রেখেছে লিওনেল মেসির ইন্টার ,মিয়ামি। মেসিকে ঘিরে উন্মাদনায় ফেটে পড়েছেন ফুটবলভক্তরা। তবে চোটের কারণে মেসির ম্যাচ খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মেসি। সে কারণে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সর্বশেষ ম্যাচে তার দল মায়ামি ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। ওই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে নামানো হয় ম্যাচের ৮৩ মিনিটে।
তবে হংকং একাদশের বিপক্ষে মেসি খেলবেন বলে জানিয়েছেন মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। তবে আশা করছি যতক্ষণ সম্ভব লিও (মেসি) ম্যাচটি খেলবে।’
মায়ামি কোচ আরও বলেন, ‘আমরা দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খেলেছি আল হিলাল ও আল নাসরের বিপক্ষে। এর আগে দুটি ম্যাচ খেলেছিলাম এল সালভাদর ও ডালাসে। তাই টানা খেলতে থাকা খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ, প্রাক-মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে।’
ইউডি/কেএস

