ঘুমন্ত মেরু ভালুকের ছবি জিতেছে সেরা বন্য প্রাণী আলোকচিত্রের পুরস্কার

ঘুমন্ত মেরু ভালুকের ছবি জিতেছে সেরা বন্য প্রাণী আলোকচিত্রের পুরস্কার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০

হিমশৈলের ওপর কুঁকড়ে থাকা এক ঘুমন্ত মেরু ভালুকের একটি ছবি এ বছরের সেরা বন্য প্রাণী আলোকচিত্রের পুরস্কার জিতেছে। ব্রিটিশ অপেশাদার আলোকচিত্রী নিমা সারিখানির তোলা আইস বেড নামের আলোকচিত্রটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ডে বিজয়ী নির্বাচিত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। নরওয়ের সাভালবার্ড দ্বীপপুঞ্জে ছবিটি তুলেছিলেন সারিখানি। তার কাছে আলোকচিত্রটি যেন এক স্বপ্ন দৃশ্য। ছবিটি যারা দেখেছেন তাদের মধ্যে ঘুমন্ত মেরু ভালুকটি আশার মতো শক্তিশালী আবেগ জাগিয়ে তুলেছে—এমনটি বলেন সারিখানি।

বিজ্ঞপ্তিতে পুরস্কার জয়ী এই আলোকচিত্রী বলেন, আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। পুরো পৃথিবীব্যাপী আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি তা ঠিক করার সময় এখনো আছে। আমার আলোকচিত্রটি সবাইকে এই অনুপ্রেরণা দেবে বলে আমি আশাবাদী।

আয়োজকেরা জানান, এবার ৭৫ হাজারেরও বেশি মানুষ আলোকচিত্র প্রতিযোগিতাতে ভোট দিয়েছে। এই সংখ্যাটিও একটি রেকর্ড। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রায় ৫০ হাজার ছবি জমা পড়েছিল। সেখান থেকে ২৫টি ছবিকে নিয়ে আসা হয় সংক্ষিপ্ত তালিকায়। আর সেই ২৫টি আলোকচিত্র থেকেই বেছে নেওয়া হয়েছে আইস বেডকে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম বর্ষসেরা বন্যপ্রাণী আলোকচিত্রীর পুরস্কারটি দিয়ে আসছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পরিচালক ডগলাস গার বিজয়ী আলোকচিত্র আইস বেডকে শ্বাসরুদ্ধকর বলে আখ্যা দিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে ডগলাস গার বলেন, ভাবনার খোরাক জোগানো এই ছবিটি প্রাণী এবং তার আবাসস্থলের মধ্যকার অবিচ্ছেদ্য বন্ধনকে মনে করিয়ে দেয়। পাশাপাশি, বৈশ্বিক উষ্ণতা এবং বাসস্থান হারানোর ক্ষতিকর প্রভাবের চাক্ষুষ উপস্থাপনাও এই ছবি।

বিজয়ী ছবির পাশাপাশি এই ক্যাটাগরির ফাইনাল রাউন্ডে ছিল আরও চারটি অত্যন্ত প্রশংসিত আলোকচিত্র। পাঁচটি ছবিই লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ৩০ জুন পর্যন্ত প্রদর্শন করা হবে।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading