বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট http://www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।
জানা গেছে, নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ২৬ মার্চের মধ্যে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।
এ ছাড়া বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করলে মূল ভাড়ার ওপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬-৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছবে স্থানীয় সময় সকাল ৭টায়।
একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে। তবে ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩টায় যাত্রা করে রোমে পৌঁছবে সকাল ৯টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ১২টায়।
ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪ হাজার ৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ১ লাখ চার হাজার ৫৬৮ টাকা থেকে।
ট্যাক্সসহ বিজনেস ক্লাসে ঢাকা-রোম রুটে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২ লাখ ৫৮ লাখ ৫৬৮ টাকা থেকে।
রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮ জাহার ৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯ হাজার ৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাসের ক্ষেত্রে একমুখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১ লাখ ২২ হাজার ৬৬৩ ও ২ লাখ ২২ হাজার ২৩৬ টাকা থেকে। মু্দ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।
ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN-AIRLINES.COM থেকে পাওয়া যাবে।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। উল্লেখ্য, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।
ইউডি/এআর

