বিএসএমএমইউ : পাবলিকেশন ছাড়া মিলবে না পদোন্নতি
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৩৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাবলিকেশন (গবেষণা প্রবন্ধ) ছাড়া কোনো পদোন্নতি মিলবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা গবেষণার জন্য যাবতীয় সুযোগ সুবিধা করে দিচ্ছি। গবেষণায় আমাদের বাজেট বেড়েছে। যেখানে আমাদের গবেষণার জন্য বাজেট ছিল ৪ কোটি টাকা, সেটিকে আমরা করেছি ৩২ কোটি। তবে কথা হলো, গবেষণা ছাড়া আমরা কোনো অনুদান দেবো না।উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী চান এই বিশ্ববিদ্যালয়ে আরও বেশি গবেষণা হোক। গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৪ জন চিকিৎসককে গবেষণার জন্য প্রধানমন্ত্রী নিজ তহবিল থেকে ২৭ কোটি টাকা দিয়েছেন। আশা করছি আগামী দিনে এই অনুদান আরো বাড়বে। তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় অনুপ্রাণিত করতে আমরা রিসার্চ ডে পালন করি। যারাই রিসার্চ করে, তাদেরকেই আমরা ফান্ড দেই। ছাত্রদের জন্যও অনুদান থাকে, শিক্ষকদের জন্যও থাকে। দেশের বাইরে যেতে চাইলে গবেষণা পেপার পাবলিশ করতে হবে। পেপার পাবলিশ করতে পারলে আমরা কিছু অনুদানও দিতে পারব।
শারফুদ্দিন আহমেদ বলেন, দেশে উন্নত চিকিৎসায় আমরা সুপার স্পেশালাইজেশড হাসপাতাল চালু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- কোনো রোগী যেন দেশের বাইরে না যায়। আমরাও সেই পথ অনুসরণ করে কাজ করছি। আমরা ইতিমধ্যে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করেছি। কিডনি প্রতিস্থাপন, লিভার প্রতিস্থাপন করেছি। বোনম্যারো ট্রান্সপ্লান্ট শুরু করছি। টেস্টটিউব বেবী জন্ম দিয়েছি। আগামী দিনে আমরা রোবোটিক সার্জারি চালু করার লক্ষ্যে কাজ করছি। আমরা প্রধানমন্ত্রীর অনুদানে রোগীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট করে দিচ্ছি, যার প্রতিটির মূল্য একেকটা টয়োটা কারের মতো।
ইউডি/এজেএস

