রিপোর্টার্স উইদাউট বর্ডারস’র প্রতিবেদনে ভুল তথ্য আছে: তথ্যপ্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:১৫
বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৩ সালের মে মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ভুল তথ্য আছে এবং সেখানে বাস্তবতার প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, আমরা সত্য দিয়ে অসত্য মোকাবিলা করতে চাই। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রতিবেদন ও র্যাংকিং নিয়ে প্রেস ব্রিফ্রিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, একই সঙ্গে সরকার দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতার প্রকৃত চিত্রের বিপরীতে আরএসএফের মূল্যায়ন অগ্রহণযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং সত্যের বিচ্যুতি। বাংলাদেশ সম্পর্কিত মূল্যায়ন পুনঃমূল্যায়ন করতে আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোয়ারকে গতকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সার্বিক বিবেচনায় আরএসএফের সা¤প্রতিক প্রতিবেদন বাংলাদেশের বর্তমান র্যাংকিং বাস্তবতাবহির্ভূত। এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হয়েছে। যথেষ্ট বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত নিয়ে আরএসএফ তাদের র্যাংকিং মূল্যায়ন করবে বলে সরকার প্রত্যাশা করে। তাহলে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় স্বাধীনতার বিষয়ে প্রকৃত অবস্থান ও চিত্র ফুটে উঠবে।
আরাফাত বলেন, এ প্রতিবেদন ও র্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে গণমাধ্যমের ক্রমবিকাশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বর্তমান সরকারের অব্যাহত উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্বীকার করা হয়েছে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতার প্রকৃত চিত্রের বিপরীতে আরএসএফের মূল্যায়ন অগ্রহণযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং সত্যের বিচ্যুতি বলে সরকার মনে করে।
ইউডি/এজেএস

