‘সুপ্রিম কোর্টকে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হতে হবে’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:২৫
সাংবিধানিক আদালতকে দেশের সর্বোচ্চ আদালত হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের বিদায়ী বিচারপতি বোরহান উদ্দিন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রায় ১৬ বছরের বিচারিক জীবনের শেষ কর্মদিবসে তিনি এ মন্তব্য করেন।
এদিন দুপুর ১২টায় আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির তাকে বিদায়ী সংবর্ধনা দেন। এর জবাবে তিনি বক্তব্য দেন। বক্তব্যে বিচারপতি বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ একে অপরের পরিপূরক হলেও বিচার বিভাগের দায়িত্ব সংবিধানের অভিভাবক হিসেবে অনন্য। কারণ, আইনসভায় প্রণীত কোনো আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য কি না তা দেখার অধিকার বিচার বিভাগের। পাশাপাশি নির্বাহী বিভাগের কোনো কার্যকলাপ সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কি না তা দেখার ক্ষমতা বিচার বিভাগের এবং এই কারণেই বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।
আইনের শাসন সম্পর্কে বিচারপতি বোরহান উদ্দিন বলেন, সুশাসন এবং আইনের শাসন সমার্থক। সুশাসন তথা আইনের শাসন নিশ্চিত করে বিচার বিভাগের স্বাধীনতা। একই সঙ্গে একথাও ঠিক যে, বিচারিক স্বাধীনতা অনেকাংশে নির্ভর করে বিচারকের অন্তরের স্বাধীনতার ওপর। স্বাধীনভাবে বিচারকার্য পালনের জন্য বিচারককে মন এবং মননে স্বাধীন হতে হবে এবং এই কারণে বিচারককে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে।
ইউডি/এজেএস

