শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি: জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা
উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ মার্চ, ২০২৪, আপডেট ১৯:৩০
সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর করার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে এমনটাই উঠে আসে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি এ বছর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বাংলাদেশের। শেষ কয়েকটি সিরিজে এই ফরম্যাটে সাফল্য পাওয়ায় এখন আর সহজ প্রতিপক্ষ নয় বলে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ।
২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি তারা। এসময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করায় এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতি এখন স্পস্ট। যদিও এই সময়ে বহুজাতিক টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি টাইগাররা। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা।
ইউডি/এজেএস

