রাষ্ট্রের পেশিশক্তিকে যত্রতত্র ব্যবহার করছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ১০ মার্চ, ২০২৪, আপডেট ১৯:০০
আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষেরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নাগরিক স্বাধীনতা চিরতরে মুছে ফেলার জন্যই যত্রতত্র রাষ্ট্রের পেশিশক্তিকে ব্যবহার করছে আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠী। রবিবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠানো এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন গভীর সংকটে। শেখ হাসিনা বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের মতো আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠী ভিন্ন মতসহ গণতন্ত্রের সকল নিয়ম পদ্ধতি ও নাগরিক স্বাধীনতা চিরতরে মুছে ফেলার জন্যই যত্রতত্র রাষ্ট্রের পেশিশক্তিকে ব্যবহার করছে।’ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে সংহত করতে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছে, তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটল আবুল খায়ের ভ‚ঁইয়ার জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে।
মির্জা ফখরুল বলেন, রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়া মূল্যে যখন মানুষ চোখে সর্ষে ফুল দেখছে, তখন অবৈধ আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্যনতুন মিথ্যা মামলায় আটকের হিড়িক অব্যাহত রেখেছে। পণ্যমূল্যের অত্যধিক বৃদ্ধিতে দুর্বিষহ জনজীবনে নেমে এসেছে এক গভীর অন্ধকার।
ইউডি/এজেএস

