ডিপিএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, আপডেট ১৬:৩০
বিপিএলের পর আর মাঠে নামেননি সাকিব আল হাসান। চলমান শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আগামীকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে সাকিবকে৷ এদিন তার দল বিকেএসপিতে সিটি ক্লাবের মোকাবেলা করবে।
সাকিবের একাদশে থাকা নিয়ে অবশ্য এখনও নিশ্চিত নয় তার দল। শেখ জামালের প্রধান কোচ সোহেল ইসলাম ঢাকাপোস্টকে বলেন, ‘কাল সকালে দেখতে পারবেন সাকিব খেলে কিনা। এখনই বলতে পারছি না।’
সর্বশেষে বিপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ব্যাট হাতে করেছিলেন ১৩ ম্যাচে ২৫৫ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন দুই নম্বরে।
ইউডি/এআর

