জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৮:১৫
জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ইউরোপের দেশ স্পেন। সোমবার ( ১ এপ্রিল) এক ঘোষণায় এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর টিআরটি ওর্য়াল্ডের।
স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে এক বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সময়সীমার কথা জানান।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। এই সফরে কাতার ও সৌদি আরবও যাবেন সানচেজ। এর আগে ৯ মার্চ সানচেজ বলেছিলেন যে তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করবেন।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সানচেজের আশা, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের আগেই সেখানে গাজায় চলমান যুদ্ধের বিষয়ে আলোচনা উত্থাপিত হবে এবং সেখান থেকে অন্য ইউরোপীয় দেশগুলোও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে স্পেনের অবস্থান গ্রহণের ব্যাপারে একমত হবে। এ সময় তিনি জানান, তাঁর আশা, আগামী জুলাইয়ের মধ্যে স্পেন স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
এর আগে গত ২২ মার্চ ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা জানায়– তাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলে, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও স্পেনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর নেতাদের বৈঠকের সময় উভয় পক্ষই সম্মত হয়েছিল, ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানই চলমান সংকট মোকাবেলার একমাত্র উপায়।
ইউডি/এআর

