হুমায়ুন আজাদ হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবু গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ০৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন নজরদারির পর তাকে গ্রেপ্তার করা গেছে। তিনি এত দিন নানা ছদ্মবেশ ধরে আত্মগোপনে ছিলেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদের ওপর হামলা হয়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ইউডি/এজেএস

