অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যখাতের জন্য এক অশনি সংকেত
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, আপডেট ১৬:৪০
বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে স্বাস্থ্যখাতের জন্য নতুন এক অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন মানুষ থেকে শুরু করে গ্রামে-গঞ্জে পশুপাখির মধ্যেও বিস্তার লাভ করেছে। তাই বৈশ্বিক স্বাস্থ্যখাতের এই হুমকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজেই অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে স্বাস্থ্যখাতে অনেক ভালো কাজ হচ্ছে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে অনেক সময় সমন্বয়ের অভাব দেখা যায়। সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজগুলো করলে মানুষ উপকৃত হবে।
এসময় ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার (বিএলবিসি) পরিকল্পিত ও পরিচালিত কৃত্রিম অঙ্গ সংস্থাপন চিকিৎসাকেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে অনেক মানুষ কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা পাচ্ছেন। মানুষের কল্যাণে বেসরকারি খাতের সহযোগিতায় এমন আরও অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ইউডি/এজেএস

