জাতিসংঘে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পথে বাধা আমেরিকা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৮:০০
জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথে ভেটো দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১২টি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। ভোটদানে বিরত ছিল ব্রিটেন ও সুইজারল্যান্ড। খসড়া প্রস্তাবটিতে প্যালেস্টাইনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল।
প্যালেস্টাইন এমন সময় জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করছে, যখন ছয় মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে বসতিস্থাপন বিস্তৃত করছে দেশটি। জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে প্যালেস্টাইন। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল দেশটি। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আমেরিকা বলছে, ইসরায়েল ও প্যালেস্টাইনি কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত, জাতিসংঘের মাধ্যমে নয়। যদিও গত কয়েক বছর ধরে প্যালেস্টাইনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রেখেছে ইসরায়েল।
এর আগে নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক উত্তেজনা ইসরায়েল এবং একটি সম্পূর্ণ স্বাধীন, কার্যকর ও সার্বভৌম প্যালেস্টাইনে রাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি খোঁজার সদিচ্ছা আছে এমন প্রচেষ্টাকে সমর্থন করাটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রসঙ্গত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনÍ এ স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না।
ইউডি/এজেএস

