বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ: ফারুক

বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ: ফারুক

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:০০

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, একবার দেশের জনগণের সামনে বলুন। ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা। তার কথাবার্তা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। আন্দোলনে আমরা পিছুপা হব না।

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ববধায়ক সরকারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। ফারুক বলেন, আওয়ামী লীগকে আমরা বলতে চাই, কারারুদ্ধ সব নেতার মুক্তি দিন। সময় একদিন আসবেই। সেই দিনের অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মানুষের জয় হবেই। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এ দেশের জনগণের ওপরেই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে।

তিনি আরও বলেন, ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছেই চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন। ফারুক বলেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এদেশের মানুষের ওপর নির্যাতন করে চলেছে। আপনারা যতই টালবাহানা করেন, দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না। আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন, তা দেশের জনগণ মানবে না।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading