প্রধানমন্ত্রীর প্রশ্ন, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে?
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, আপডেট ১৬:৪৫
যেসব রাজনৈতিক সংগঠন সরকার পতনের আন্দোলনে রয়েছে, তারা কেন জনগণের ‘সাড়া পায় না’, সে বিষয়ে নিজের ধারণা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, তাকে সরিয়ে কাকে ক্ষমতায় আনতে চায়, সে বিষয়ে বিরোধীরা নিজেরাও জানে না, আর এটা তাদের রাজনীতির বড় দুর্বলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (০২ মে) তার সরকারি বাসভবন গণভবণে সা¤প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে দেশের রাজনীতি নিয়েও বিভিন্ন প্রশ্ন আসে।
দেশের অতি বাম, অতি ডান-সবই এখন ‘এক হয়ে গেছে’ বলে দুদিন আগে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে বলেন, দুই মেরু এক হয়ে সরকারকে উৎখাত করার কথা বলছে। এই অবস্থায় আপনি জাতিকে কী বার্তা দিতে চান? জবাবে শেখ হাসিনা বলেন, বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে, তারা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আর কি। আমি একটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে আমরা যাদের অতি বাম মনে করি, তারা সব সময় প্রগতিশীল দল, তারা খুবই গণমুখি দল ইত্যাদি ইত্যাদি। সেখানে আমার প্রশ্ন হল, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটা কি ঠিক করতে পেরেছেন? কারা আসবে? কে আসবে? কারা দেশের জন্য কাজ করবে? তারা কাকে আনতে চায়?
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই কিন্তু কেউ জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে। কেউ বিদেশে বসে, আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে বসে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। সেখানেও তো প্রশ্ন আছে। যারা আন্দোলন করে করুক, আমরা তো বাধা দিচ্ছি না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ইউডি/এজেএস

