কুতুবদিয়ায় পৌঁছাল এমভি আবদুল্লাহ

কুতুবদিয়ায় পৌঁছাল এমভি আবদুল্লাহ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মে, ২০২৪, আপডেট ১৯:৫৫

সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ দুই মাসের ঝড়-ঝঞ্ঝা সামলিয়ে অবশেষে কক্সবাজারের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। জাহাজটির দায়িত্ব নিতে চট্টগ্রাম থেকে ২৩ নাবিকের নতুন একটি দল কুতুবদিয়া গেছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে।

বিষয়টি নিশ্চিত করে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহর ২৩ নাবিক সুস্থ আছেন। চট্টগ্রাম থেকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে ২৩ নাবিকের নতুন একটি টিম এমভি আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিতে সোমবার (আজ) বিকেলে রওনা দিয়েছে। চট্টগ্রাম থেকে রওয়ানা দেওয়া এমভি জাহান মণি-৩ রাত ১১টা থেকে ১২টার মধ্যে কুতুবদিয়া পৌঁছাবে।

তিনি জানান, এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজের দায়িত্ব নতুন টিমের কাছে হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ জাহান মণি-৩ এ করে চট্টগ্রাম নগরের সদরঘাট কেএসআরএম জেটিতে পৌঁছাবেন। সেখানে নাবিকদের বরণ করে নেয়া হবে। আর চট্টগ্রাম থেকে যাওয়া ২৩ সদস্যের নাবিক টিম কুতুবদিয়ায় কিছু মালামাল খালাস শেষে বাকি মালামাল খালাসের জন্য এমভি আবদুল্লাহকে ১৫ মে নিয়ে যাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে।

আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন সময়ে মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading