পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক: সম্পর্ক দৃঢ় করতে চায় আমেরিকা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মে, ২০২৪, আপডেট ১৭:৩০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমেরিকার তৎপরতায় দুই দেশের মধ্যে যে ‘উত্তেজনা’ তৈরি হয়েছিল, তা ভুলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সামনে তাকাতে চান দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে আস্থা পুননির্মানের চেষ্টা করাই তার এবারের বাংলাদেশ সফরের উদ্দেশ্য বলে তুলে ধরেন লু।
তিনি বলেন, সবাই জানেন, গত বছর আমেরিকা ও বাংলাদেশের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতাহীন নির্বাচনের জন্য আমেরিকা কঠোর পরিশ্রম করে। এর ফলে কিছু উত্তেজনা তৈরি হয়। এ উত্তেজনাকে সম্পর্কের (ক‚টনীতি) সাধারণ বিষয় হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমাদের সম্পর্ককে শক্তিশালী করার উপায় খুঁজতে চাই। আমাদের সম্পর্কের মধ্যে যেসব কঠিন বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে মন্ত্রীর (হাছান মাহমুদ) সঙ্গে কথা বলেছি। কঠিন বিষয় বলতে ‘র্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শ্রম সংস্কার, মানবাধিকার ও ব্যবসায় পরিবেশের সংস্কার’ এর কথা বলেছেন এই মার্কিন সহকারী মন্ত্রী। এসব কঠিন ইস্যুতে কাজ করার জন্য ইতিবাচক সহযোগিতার ভিত্তিতে যেসব বিষয় রয়েছে, সেগুলো নিয়ে এগোতে চান তিনি।
এবারের সফরের অভিজ্ঞতাকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেন তিনি। তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় পৌঁছান লু। ওই দিন রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে তার সরকারি কর্মসূচি শুরু হয়। বুধবার বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বসবেন। তিনি বলেন, নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্লিন এনার্জির মতো ইস্যুতে সহযোগিতার বিষয়ে আমাদের আলোচনা এগিয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা তুলে ধরে লু বলেন, সরকারকে স্বচ্ছতা বজায় রেখে চলতে এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্র বাড়াতে আমাদের অনেক কিছু করার আছে।
ইউডি/এজেএস

