পুঁজিবাজার স্থিতিশীলতায় আগামী বাজেটে ডিএসই’র যেসব প্রস্তাবনা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, আপডেট ১৪:১০
পুঁজিবাজারে ক্রান্তিকাল চলছে এই অবস্থা থেকে উত্তোলনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) ঢাকা ক্লাবে প্রাক বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
তিনি বলেন, পুঁজিবাজারে ক্রান্তিকাল চলছে। বাজার যাতে অনুক‚লে আসে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। ডিএসইর প্রস্তাবনার মধ্যে আছে- স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছে থেকে উৎসে কর সংগ্রহের হার হ্রাস করা, উৎসে লভ্যাংশ আয়ের ওপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা এবং লভ্যাংশ প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার হ্রাস, তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লেনদেন থেকে মূলধনি মুনাফার ওপর নতুন করে কর আরোপ না করা।
ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করলে তা বিনিয়োগকারীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ডিএসই চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু। ডিএসইর চেয়ারম্যান বলেন, বর্তমানে বাজার পরিস্থিতি এবং করোনা মহামারির প্রভাব বিবেচনা করে এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কারণে এ ধরনের করের হার বর্তমানে ০ দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে পুনঃ নির্ধারণ করা প্রয়োজন। ০ দশমিক ০২ শতাংশ করা যেতে পারে। ড. হাফিজ বলেন, উৎসে লভ্যাংশ আয়ের ওপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করা এবং লভ্যাংশ প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব করছি।
ডিএসইর চেয়ারম্যান বলেন, লভ্যাংশ আয়ের ওপর উৎস করকে, সঞ্চয় পত্রের মুনাফার ওপর কর্তনকৃত করের ন্যায় চূড়ান্ত কর আদায় হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার হ্রাস। এই হারের পার্থক্য ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০-১২ দশমিক ৫ শতাংশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ১৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব ডিএসইর চেয়ারম্যান বলেন, তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ আছে। সেটা ১৭ দশমিক ৫ শতাংশ করার হোক। আর অ-তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে সেটা ৩৭ দশমিক ৫ শতাংশ বা ৪০ শতাংশ করা হোক।
তিনি আরও বলেন, তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি দেওয়া দরকার। জিরো কুপন বন্ডের মতো, স্টক এক্সচেঞ্জের যেকোনো বোর্ডের তালিকাভুক্ত যেকোনো করপোরেট বন্ড থেকে উদ্ভূত সুদ/আয় ইস্যুকারি এবং বিনিয়োগকারীদের জন্য নির্বিশেষে কর অব্যাহত বিবেচনা করা যেতে পারে। সুকুকসহ সব ধরনের বন্ড এবং অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ আয়কর আইন, ২০২৩ এর সেকশন ১০৬ থেকে বাদ দেওয়া যেতে পারে।
ইউডি/এজেএস

