জুনেই ফিরছে হাউস অব দ্য ড্রাগন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ০৬:৩০
হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ নিয়ে নতুন করে বলার কিছু নেই। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে সিরিজটি। এসেছে আলোচনায়ও। প্রথম সিজনের পর দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় কিস্তির। অবশেষে এটি আসতে চলেছে এ জুনেই। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বনে তৈরি এ সিরিজে গেম অব থ্রোনসের প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।
প্রথম পর্বে গহনায় সজ্জিত রেনেইরা চরিত্রের এমা ডার্সি এ সিজনে হাজির হবেন রণসাজে সজ্জিত হয়ে। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এ যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এ পর্বে আয়রন থ্রোনের জন্য তার ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্যদিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে।
এ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট স্মিথ। তবে আগের সিজনের চেয়ে এ পর্বে ডিমনের চরিত্র অনেক দুর্বল বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছেন এ পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এবার। জানা গেছে, এ সিজনে মাত্র আটটি পর্ব আসবে। হলিউড স্ট্রাইকের মধ্যে এ সিজনের শুটিং পড়ে যাওয়ায় দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের প্রথম এপিসোড মুক্তি পাবে ১৬ জুন।
ইউডি/কেএস

