অরুন্ধতী রায় যে কারণে রাষ্ট্রদ্রোহ মামলার মুখে

অরুন্ধতী রায় যে কারণে রাষ্ট্রদ্রোহ মামলার মুখে

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুন, ২০২৪, আপডেট ১১:২৫

বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বা ডেপুটি গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ১৪ বছর আগে দেওয়া এক বক্তৃতার রেশ টেনে তার বিরুদ্ধে এই মামলার অনুমতি দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন অরুন্ধতী। তার বিরুদ্ধে অভিযোগ, ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কাশ্মীর কখনো ইন্ডিয়ার অংশ ছিল না। ইন্ডিয়ান সেনারা বলপূর্বক অঞ্চলটির দখল নিয়েছে। ফলে অঞ্চলটির স্বাধীনতার জন্য সব রকম চেষ্টা করা উচিত। ওই বক্তব্য নিয়ে সুশীল পণ্ডিত নামে এক ব্যক্তির অভিযোগের পর এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলায়ই শুক্রবার অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

১৪ বছর আগের ঘটনায় এমন সময়ে এই মামলার অনুমতি দেওয়া হলো, যার কিছুদিন আগেই টানা তৃতীয় মেয়াদে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছিল, এবার জোট সরকার গঠন করায় বিজেপি হয়তো কিছুটা সংযত হবে। কিন্তু এ ঘটনায় এমন সমীকরণ ভুল প্রমাণিত হয়েছে। দৃশ্যত সংযত হওয়ার বদলে আগের মতোই দমননীতি অব্যাহত রেখেছে দলটি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

অরুন্ধতী রায় ছাড়াও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের দুজনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৯৯৭ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য ম্যান বুকার পুরস্কারজয়ী অরুন্ধতী রায় দীর্ঘদিন থেকেই পরিবেশ ও মানবাধিকারের বিষয়ে সোচ্চার।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading