নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুন, ২০২৪, আপডেট ১৫:০০
নতুন নির্বাচন ও গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার বিক্ষোভকারীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। শনিবার (২২ জুন) এ বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা হাতে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় তারা ‘অপরাধ মন্ত্রী’ ও ‘যুদ্ধ বন্ধ কর’ স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবর হামাস হামলা করে। হামাস প্রায় ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে। এরপর থেকে গত সাড়ে আটমাসে প্রায় প্রতি সপ্তাহেই ইসরায়েলে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হচ্ছে।
শনিবার বিক্ষোভে অংশগ্রহণকারী ৬৬ বছর বয়সি সাই এরেল বলেন, ‘আমি এ বিক্ষোভে অংশ নিয়েছি কেননা, আমি আমার নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমরা যদি বাইরে বের না হই ও এ ভয়ংকর সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই তাহলে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। ইসরায়েলের পার্লামেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘নেসেটে সব ইঁদুর বসে আছে। আমি তাদের কাউকে কিন্ডারগার্টেনের পাহারাদার হতে দেব না।’
সরকারবিরোধী বিক্ষোভকারী সংগঠন হফশি ইসরায়েলের হিসাব অনুযায়ী, দেড় লাখেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে। তারা এ বিক্ষোভকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় বিক্ষোভ বলে অভিহিত করেছে।
ইউডি/এআর

